নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২৬
০৫:১০ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২৬
০৫:১০ অপরাহ্ন
চীনা বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের জন্য স্থান নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে।
জানা গেছে, এই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু করতে মঙ্গলবার সিলেট সফরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরিফুল হকের নির্বাচনী এলাকা সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনের এলাকায় এই হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে।
আজ বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করেন প্রতিনিধি দল।
হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২ জুন) সিলেট সফরে আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাত সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা ও স্থান নির্বাচন বিষয়ে প্রাথমিক বৈঠক করেন তিনি।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র কর্মকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে, হাসপাতালটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকটাই দূর হবে বলে তাদের প্রত্যাশা।
এছাড়া আজ বিকাল ৩টায় তিনি সিলেট ডায়বেটিক হাসপাতালের সভায় উপস্থিত থাকবেন। মন্ত্রী আরিফ পরদিন বৃহস্পতিবার বিকালে বিমানে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
এএফ/০২