নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬
০৫:২৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২৬
০৫:২৯ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আক্তার দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। হামলার ঘটনায় পুলিশ জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে। তিনি একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এই হামলার ঘটনায় আক্তার গুরুতর আহত হন।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২টার দিকে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের সন্তান ও আত্মীয়স্বজনরা তাদের বাধা দিলে কথা-কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে প্রায় ৩০/৪০ জন আক্তার ও জাহাঙ্গীরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আক্তার।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত জাহাঙ্গীর বর্তমানে চিকিৎসাধীন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, ‘পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে। বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
এএফ/০৩