ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২৬
০৪:১৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৬
০৪:১৫ অপরাহ্ন



ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি


সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তাকে আটক করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। পরে তাঁকে জৈন্তাপুর থানায় নেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, কামাল আহমেদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও সীমান্ত এলাকা থেকে আটক হয়েছিলেন কামাল আহমেদ। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে তার ছোট ভাই সাদেক আহমেদসহ তাকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সে সময় তাদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, চার হাজার বাংলাদেশি টাকা, তিনটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৪ আগস্টের সহিংসতাসহ একাধিক মামলায় তাদের নাম রয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল।


এএফ/০১