জাফলংয়ে ছয় হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৩, ২০২৬
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২৬
০৪:৩৬ অপরাহ্ন



জাফলংয়ে ছয় হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা রাতে জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট এবং জুমপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড় এলাকায় একদল অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা তাৎক্ষণিকভাবে ধ্বংস ও অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এএফ/০১