সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
০৩:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২৬
০৩:২৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক আগামীর সময় ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে।’ ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
রবিবার (১২ জুলাই) রাতে নগরের জিন্দাবাজারে আগামীর সময় কার্যালয়ে অনুষ্ঠিত ‘আলপাইন রেস্টুরেন্টে দৈনিক আগামীর সময়’ বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আগামীর সময় যে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়ায় না, বরং তরুণদের জ্ঞানচর্চা, ইতিবাচক প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করে।
বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। |
তিনি বলেন, ‘আগামীর সময় আগামীর কথাই বলবে।’ শুধু বিশ্বকাপ নয়, সমাজের সব গুরুত্বপূর্ণ বিষয়ে পত্রিকাটি আরও অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া অবকাঠামো নির্মাণ, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাচ্ছে।
সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের খেলাধুলাকে সবসময় উৎসাহিত করে। বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে নগরবাসী একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন। এটি শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি উদ্যোগ।
তিনি বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচগুলো পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে একসঙ্গে উপভোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে গত ১ থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিনের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে ১১ জুলাইয়ের কুইজের ড্র অনুষ্ঠিত হয়। কুপন উত্তোলন করেন সিসিক প্রশাসক। এতে সিলেটের মেন্দিবাগ এলাকার মো. শাহাদাত বিজয়ী নির্বাচিত হন।
আগামীর সময় সিলেট অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন পত্রিকাটির আবাসিক সম্পাদক আহমেদ নূর।
উপস্থিত ছিলেন আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান এবং সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।
অনুষ্ঠানের শেষে সিসিক প্রশাসক সকল বিজয়ীকে অভিনন্দন জানান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠান ও দৈনিক আগামীর সময় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এএফ/০১