নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২৬
০৬:২৪ অপরাহ্ন
নানা আলোচনা ও নাটকীয়তার পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের কর্মস্থলে যোগদান করেন।
এর আগে সিলেটের আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলকে প্রত্যাহার করার পর কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয়।
নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।’
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন জেলা প্রশাসক সকাল ৯টা থেকে অফিস করছেন।’
জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর ছেলে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।
তার আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
এএফ/০১