শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ২২, ২০২৬
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২৬
০৬:২০ অপরাহ্ন



শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশালীন প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় নিরাপত্তা ও বিচারের দাবিতে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে যে নম্বর থেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিনদেরও বিষয়টি নিয়ে জবাবদিহি করতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী জিডিতে উল্লেখ করেন, ‘সাস্ট আপডেট’ নামের একটি ফেসবুক পেজে টিউশনের বিজ্ঞপ্তি দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন। পরে পেজের সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধে নিজের মোবাইল নম্বর দেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৪ জুন রাত ৮টা ১ মিনিটে একটি নম্বর থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়।

প্রথমে চাকরির প্রস্তাব দেওয়া হলেও পরে ওই নম্বর থেকে অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিন রাহিন ইসলাম বলেন, টিউশনের পোস্টে অনেকে মন্তব্য করেন এবং কেউ সেখান থেকে নম্বর সংগ্রহ করলে এর দায়ভার তাদের নয়। তারা ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে নম্বর নেননি বা দিতে বলেননি।

তিনি আরো বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি জানানোর পর তিনি নিজে এর প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলেন। পরে তার বিরুদ্ধে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।


এএফ/০৩