নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৬
০৪:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২৬
০৪:১৮ পূর্বাহ্ন
সরকারকে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি—তারাও মজলুম ছিলেন, যারা এখন সরকার গঠন করেছেন। কিন্তু তারা ভুলে গেছেন।
সেই ফ্যাসিবাদী পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া, নির্লজ্জ, দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা মানব না। হাসিনা তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না।’
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একটিই দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ আমাদের বলে, সরকারি দল ও বিরোধী দল—আপনারা হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয় করে দিয়েছি। এখন আমাদের হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই, এখন কোনো টালবাহানা মানি না।’
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, জুলাইযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না।
আঠারো কোটি মানুষের সঙ্গে বেঈমানি করব না। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব, ইনশাআল্লাহ।’
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আমরা থামব না।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আয়োজিত এই বিভাগীয় সমাবেশে ১১ দলের শীর্ষপর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।
এএফ/০১