দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৮, ২০২৬
০৫:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২৬
০৫:০৫ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ


সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৩ জন। সোমবার (২৭ জুলাই) বিকেলের দিকে দক্ষিণ সুরমা থানাধীন খিদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল।

ফায়ার সার্ভিস ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে কর্মরত তিনজন শ্রমিক আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় হাসপাতালে গিয়ে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল জানান, সিলেট-সুনামগঞ্জ বাইপাস এলাকায় একটি গ্যাস সিলিন্ডার দোকানে সিলিন্ডার মজুদ করে রাখা ছিল। সেখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে,’ বলেন দক্ষিণ সুরমা থানা পুলিশ। এবং গোডাউনটিতে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ বিশ্বাস বলেন, ঘটনাটি সম্পর্কে তাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাধারণত অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের রোগী এলে প্রথমে ক্যাজুয়ালটি বা জেনারেল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বার্ন ইউনিটে শিফট করা হয়।


এএফ/০১