নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
০৩:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২৬
০৩:১৩ অপরাহ্ন
সিলেট নগরের বাগবাড়ি এলাকায় নিজ বসতঘর থেকে মনোজ কান্তি দাস (৫৮) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সম্প্রতি মৌলভীবাজারে কর্মরত অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পদ থেকে অবসরে যান।
মঙ্গলবার দিবাগত রাতে নগরের বাগবাড়ি এলাকার নরসিংটিলা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মহিম চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মনোজ কান্তি দাসের স্ত্রী একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ির ওই বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা নিচ তলায় থাকতেন মঙ্গলবার রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের মেঝে থেকে তার লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ‘৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।’
এএফ/০১