নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২৬
০৬:৪০ অপরাহ্ন
সিলেটে ওয়াতির আলী (৩৫) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে খুনের ঘটনা ঘটেছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সিলাম এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওয়াতির দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের ওয়াতিরকে ঘর থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর মারধর করে মৃত ভেবে বাড়ির পাশে ফেলে যায়। এসময় স্থানীয় কয়েকজন মহিলা আওয়াজ ও লোকজনের জটলা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এবং তার পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। তাৎক্ষনিকভাবে তারা ওয়াতিরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওয়াতির আলীর ফুফু ও সিলাম ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা অভিযোগ করে বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে ওয়াতিরকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’ ময়নাতদন্তের পর মরদেহের দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
মোগলাবাজার পুলিশ জানায়, সিলাম মুক্তারপুরে মারপিটের অভিযোগ ওয়াতির আলী নামক যুবক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন যায়। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বিকাল সাড়ে পাঁচটার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। তবে পুলিশ জড়িতদের ধরতে মাঠে কাজ করছে।’