সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৫, ২০২৬
০৪:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২৬
০৪:৪৭ অপরাহ্ন



সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। রিফাত ও তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা সবাই মিলে গোসল করতে পানিতে নামেন। কিছুক্ষণ পর তাদের সাথে থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। রিফাতের লাশটি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

স্বজনরা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


এএফ/০১