নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২৬
০৩:৫৭ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় একই অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত তাসনিম তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তাদের সবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকায়।
পুলিশের জানিয়েছে, যাত্রাবাড়ী থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ আলী। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় পৌঁছালে সিলেটের দিকে যাওয়া একটি গেইটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন। এতে নুসরাত ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ নিহত নুসরাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।
এএফ/০১