জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয় : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৫, ২০২৬
০৬:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২৬
০৬:৪২ অপরাহ্ন



জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয় : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেছেন, ‘ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘দুই দেশের মধ্যে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত।’

জ্বালানিখাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, ‘অতীতে জ্বালানি খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, তা এ খাতের দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।’

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনা চলছে। চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, সেখানেই যাবে।’

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশকে বোয়িং বিমান কিনতে কেউ চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরো বিমান কেনা হবে।’

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়কার সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে।’

কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জোর দেন, ‘নির্দিষ্ট ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রেসব্রিফিং কাভার করতে যাওয়া সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ ঘটনায় প্রতিমন্ত্রীর সংবাদ বয়কটের ঘোষণা দেয় টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা। এ ঘটনার প্রেক্ষিতে শনিবার সকালে ইমজার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন হুমায়ুন কবির।

এসময় উপস্থিত চিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীসহ ইমজা নেতৃবৃন্দ। 


এএফ/০১