নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২৬
০৭:২৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২৬
০৭:২৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলর বারহাল ইউনিয়নে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে রবিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- চম্পা রাণী দাশ (৩৫) ও তাঁর মেয়ে হৃদি রাণী দাশ (৫)। চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বসত ঘরের ফ্যানের সঙ্গে মা ও পাঁচ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে থানা খবর দেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস বলেন, ‘নিজ বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তার কন্যাশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মা-মেয়ের এমন মৃত্যু হলো বুঝতে পারছি না।’
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।’
তবে ময়নাতদন্ত শেষে রবিবার বিকেল চারটার দিকে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানা গেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘দুইজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’