মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৬
০৬:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২৬
০৬:৫৫ অপরাহ্ন



মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার


মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফরেইন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)-ভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, মেডিক্যাল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর বেশি অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে মেডিক্যাল পরীক্ষায় ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে।

তবে ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। নির্ধারিত সীমার বাইরে নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে স্লিপ ইস্যু করা যাবে না।

প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এসব প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনে একাধিকবার মেডিক্যাল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে মেডিক্যাল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত কোনো কর্মী মেডিক্যাল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও বহন করতে হবে ওই সেন্টারকে।

মেডিক্যাল সেন্টারগুলোতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে।

নির্দেশনায় শর্ত লঙ্ঘনকারী মেডিক্যাল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।

এ ছাড়া প্রত্যেক মেডিক্যাল সেন্টারকে প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে বলা হয়েছে।


এএফ/০২