নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২৬
০৭:৫২ অপরাহ্ন
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন শামস। তার মোটরসাইকেল সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর সারিঘাট পেট্রল পাম্পের সামনে এলে জাফলংগামী একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে কাজ শুরু করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে গাড়িটির সন্ধান পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি আটক করা হয়।
সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত হন।
নিহতের মামা মো. ওবায়দুল হক মিলন বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন লুৎফুর। রাত ৮টার দিকে সড়কের চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিক আপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিক আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিক আপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান ওসি।
ওয়াইএফ/০৩