সিলেট জেলা স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক


মার্চ ০৪, ২০২৬
১১:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৬
১২:১৫ পূর্বাহ্ন



সিলেট জেলা স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ ক্রিকেটারদের

সিলেট জেলা স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে খেলতে নামেন ক্রিকেটাররা।


ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে সিলেটের সব ধরণের ক্রীড়া ইভেন্টের একমাত্র ভরসাস্থল সিলেট জেলা স্টেডিয়াম। সম্প্রতি সময়ে এই স্টেডিয়ামটি শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ ঘটনার প্রতিবাদে ক্রমেই ফুঁসে উঠছেন সিলেটের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা।

আজ বুধবার (৪ মার্চ) ক্রীড়া পরিষদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে কালো ব্যাজ ধারণ করে চলমান সিলেটের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিখে মাঠে খেলতে নামেন ইলেভেন ব্রাদার্স ক্রিকেট ক্লাব ও  ইসমাইল  স্পোর্টিং ক্রিকেট  ক্লাব।

ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় বিভাগের পরবর্তী সব ম্যাচে তারা কালো ব্যাজ পরিধান করে মাঠে নেমে প্রতিবাদ অব্যাহত রাখবেন। পাশাপাশি এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে দ্রুত সময়ের মধ্যে আরো আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।’

এ বিষয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল বলেন, ‘সিলেট জেলার ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত ৪৮টি ক্লাবের ফুটবল হকি ক্রিকেট ভলিবলসহ সব ধরনের ইভেন্ট এই জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে। যেহেতু সিলেটে অন্য কোন স্টেডিয়াম নেই তাই এই জেলা ক্রীড়া সংস্থার একমাত্র অবলম্বন হচ্ছে সিলেট  জেলা স্টেডিয়াম। এটা এভাবে ফুটবলের জন্য বরাদ্দ দিলে বাকি খেলাধুলা চালিয়ে নেওয়া সম্ভব হবে না।’

সামনে আরো কর্মসূচি নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও  সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করব এবং সিটি করপোরেশনের প্রশাসক এবং আমাদের সিলেটের মন্ত্রী মহোদয়দের কাছেও স্মারকলিপি দেব।  প্রয়োজনে ক্রীড়া মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব ‘


এএফ/০৬