সিলেটে এবার ছিনতাইয়ের শিকার বিএনপির এক শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক


মে ০৯, ২০২৬
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৬
০২:৫১ পূর্বাহ্ন



সিলেটে এবার ছিনতাইয়ের শিকার বিএনপির এক শীর্ষ নেতা


সিলেট নগরে বেড়েছে বেপরোয়া ছিনতাই। সম্প্রতি সময়ে বেশ কিছু আলোচিত ছিনতাইয়ের ঘটনার রেশ থাকতেই এবার ছিনতাইয়ের শিকার হলে সিলেটে খোদ সরকার দলের অন্যতম শীর্ষ নেতা নাসিম হোসাইন। ছিনতাইকারীরা তাকে বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে প্রায় অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়েছেন। 

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নাসিম হোসাইন সর্বশেষ কাউন্সিলের সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 

ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়ে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট নগরে সাম্প্রতিক সময়ে বেশকয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার নগরের মিরের ময়দান এলাকায় র‌্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একইদিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


এএফ/০২