অসুস্থ মন্ত্রী আরিফুল হককে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৬, ২০২৬
০৭:১১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৬
০৭:১১ অপরাহ্ন



অসুস্থ মন্ত্রী আরিফুল হককে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সেখানে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর নির্ধারিত সফরসূচিও বাতিল করা হয়।

মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনি সরকারি কাজে গিয়েছিলেন। আংশিক কাজ সম্পন্নের পর হঠাৎ খেয়াল করেন তার ডান পাশ দুর্বল লাগছে এবং কাঁপছে। তিনি অস্বস্তিবোধ করছিলেন এবং ঘেমে যাচ্ছিলেন। এসময় তাৎক্ষণিক যোগাযোগ করে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু টেস্ট রিপোর্ট এসেছে বাকি টেস্টগুলো সন্ধ্যার পর হবে। সেগুলো দেখে বাকি সিদ্ধান্ত হবে ‘ তিনি আরো বলেন, ‘সব দেখার পর চিকিৎসকরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় যেতে পারবেন না হাসপাতালে থাকবেন সেটা চিকিৎসরা বললেন।’

ডা. জাহিদুল আরো বলেন, ‘স্বস্তির বিষয় তিনি এখন কিছুটা সুস্থ আছেন। রিপোর্টগুলো আসলে পূর্ণাঙ্গ মতামত পাওয়া যাবে।’


ওয়াইএফ/০২