নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৫, ২০২৬
০৭:০৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২৬
০৭:০৫ অপরাহ্ন
সিলেটে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে দুপুর তিনটার দিকে তাকে আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
বিষয়টি দেশদর্পণ-কে নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন, ‘পুলিশ আসামি ধরতে টালবাহান করেছে। আজকে মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারগারে পাঠিয়েছেন।আশা করি, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।’
সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর বর্বরোচিত হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় কবির আহমদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অপহরণের চেষ্টা চালায় তারা।
আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে কালের কণ্ঠ সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ বলেন, ‘অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ওয়াইএফ/০২