সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২৬
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২৬
০২:৫৩ অপরাহ্ন
সিলেটে অস্ত্রের মুখে ডাকাতি: র্যাবের জালে আরো একজন
সিলেটের শাহপরাণ(রঃ) থানাধীন শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকায় একটি বসতঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ মো. শান্ত মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শান্ত মিয়া খারপাড়া এলাকার মো. নয়ন মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মো. ইসলাম আলী, জাতীয় দৈনিক ‘সোনালী কণ্ঠ’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান, গত ০২ মার্চ দিবাগত রাত আনুমানিক ০৩টার সময় সেহরি খাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। তার স্ত্রী ও একমাত্র সন্তান পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ৩/৪ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। একজন পিস্তল ঠেকিয়ে ভয় দেখাতে থাকেন এবং অন্য একজন ধারালো চাকু ধরে। ভিকটিম প্রচণ্ড ভয় ও শ্বাসরুদ্ধকর অবস্থায় অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে জ্ঞান ফিরলে তিনি স্ত্রীকে ডেকে তোলেন এবং দেখতে পান ডাকাতরা ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে ট্রাংকে রেখে গেছে। লুট করা সামগ্রীর মধ্যে ছিল নগদ ৯০ হাজার টাকা, ০২ ভরি স্বর্ণালঙ্কার, আনুমানিক ২৬ ভরি রুপা ও ০৩টি মোবাইল ফোন, মোট ৬ লাখ ৮৮ হাজার ৫শ টাকার মালামাল। পরদিন সকালে পাশের বাসার একটি পরিত্যক্ত মাঠে ট্রাংকটি পাওয়া গেলেও এর ভিতরে থাকা নগদ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ নথিপত্র মেলেনি।
ভিকটিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ০১নং বিবাদী রাজিব ওরফে মাছ চোরা রাজিবসহ এক অন্য ব্যক্তিকে শনাক্ত করেন এবং শাহপরাণ(রঃ) থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানীর একটি আভিযানিক দল শনিবার (০৯ মে) নয়াসড়ক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ২নং পলাতক আসামি মো. শান্ত মিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামিকে শাহপরাণ(রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জিসি / ০৩