সিলেটে চলন্ত ট্রেনে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক


মে ১৪, ২০২৬
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৬
০৩:০২ পূর্বাহ্ন



সিলেটে চলন্ত ট্রেনে আগুন, আতঙ্ক


সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখি উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টা ৭ মিনিটের দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। চলন্ত ট্রেনটি শিববাড়ি এলাকা অতিক্রমের সময় একটি বগি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যে আগুনের শিখা দেখা গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। যাত্রীদের অনেকে ট্রেন তেকে নেমে দ্রুত নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টাকরেন। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ, স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 

ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ সদস্য আবুল হোসেন বলেন, ‘ট্রেনের ছাদের ওপর ইঞ্জিনের পাইপের সঙ্গে একটি বস্তা ছিল। বস্তায় কাপড়-চোপড় ও কাগজ রাখা ছিল। পাইপটি গরম হয়ে বস্তায় আগুন লাগার পর ধোঁয়া উড়তে থাকে। টুকাইদের কেউ বস্তাটি রেখে গেছে হয়তো।’ ট্রেনটিতে ১৪টি বগি ভর্তি যাত্রী ছিলেন বলে তিনি জানান।  

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।



এএফ/০১