কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীসহ নিহত ৬

কানাইঘাট প্রতিনিধি


জুন ২১, ২০২৬
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৬
০৯:২৪ অপরাহ্ন



কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীসহ নিহত ৬


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। 

আজ রবিবার (২১ জুন) সকালে বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১০টার দিকে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পাশ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির। অপর নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ হোসেন বলেন, দুপুর ১২টার দিকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাই। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই এলাকার পাঁচ প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে কানাইঘাটজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এএফ/০৩