সিলেট মিরর ডেস্ক
জুলাই ০১, ২০২৬
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২৬
০৪:৫৮ অপরাহ্ন
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বাজেটে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।
আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করে তারা।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের নেতা বেলাল হোসেন, মনজুর আহমদ, প্রীতম রায়, হোসেন আহমদ, মিজান মিয়া, মাহফুজ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জ¦ালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ট জনজীবন।’ বক্তারা দুর্নীতি-লুটপাট-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
বাজেটে সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়ে তরা বলেন, আইএমএফের পরামর্শে জনগনের উপর পরোক্ষ করের বোঝা বাড়ানো হয়েছে, ধনীর স্বার্থে উৎস কর কমানো হয়েছে। এই বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মুদ্রাস্ফীতি কমানোর আশা করা হলেও সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ জনকল্যাণমুখী খাত অবহেলিতই রয়ে গেছে। সংবিধানে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না বলা হলেও বাজেটে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও দুর্নীতিকে উৎসাহিত করবে।’
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, ‘চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারা বিগত স্বৈরাচারী হাসিনা সরকার ও ইউনুস সরকার করেছিল, বর্তমান সরকারও ঐ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’
তারা বলেন, ‘বিগত অন্তর্র্বতী সরকার নির্বাচনের তিন দিন আগে আমেরিকার সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তা আমাদের কৃষি-ঔষধশিল্পসহ আর্থিক ও বাণিজ্যিক খাত ধ্বংস এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সরকার এই দাসত্বের চুক্তি বাতিল না করে জনমতের তোয়াক্কা না করে বাস্তবায়ন শুরু করে দিয়েছে, এটি দেশ ও জাতির জন্য অশনিসংকেত।’
নেতৃবৃন্দ মার্কিনের সঙ্গে করা গোলামী চুক্তি বাতিলের দাবিতে এবং সা¤্রাজ্যবাদী আগ্রাসন ও দেশি বিদেশি লুটপাটকারীদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য সকল দেশপ্রেমিক জনগনের প্রতি আহ্বান জানান।
এএফ/০২