নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬
০১:৫২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৬
০১:৫২ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথমবার সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।
মাজারে পৌঁছে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে মাজার ও আশপাশের এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ টা ২৭ মিনিটে অবতরণ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের সংসদীয় আসনগুলোর সদস্যরা, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা।
এরপর দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান।
এখন হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এএফ/০২