সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৬
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৬
০৮:০৬ অপরাহ্ন
বিশ্ব শিক্ষক দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে সিলেট বিভাগের মধ্যে 'গুণী শিক্ষক' নির্বাচিত লতিফা নিলুফার পাপড়িসহ অন্যদেরকে সম্মাননা জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলার এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।
বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ অধ্যাপক মো. মনসুর আলমগীর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এই অনুষ্ঠানে উপজেলা পর্যায়গুলোতে যারা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক।
মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি সংবর্ধনা শেষে এক প্রতিক্রিয়ায় বলেন, 'সম্মান মানুষকে শুধু আনন্দ দেয় না, তার দায়িত্বও আরও বাড়িয়ে দেয়। আজকের এই ভালোবাসা আমাকে নতুন করে মনে করিয়ে দিল; সততা, নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়াই একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয়। যারা আজ আমাকে এতটা ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তাঁদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।'
এএফ/০১