সিলামে রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৭, ২০২৬
০৯:৩৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৬
০৯:৩৫ অপরাহ্ন



সিলামে রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে মামলার দুই আসামি গ্রেপ্তার


সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

গ্রেপ্তাররা হলেন ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)। তারা দুজনই রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া। তিনি বলেন, ‘রাসেল হত্যা মামলার দুই আসামিকে বুধবার বিকেলে এসআরবি গ্রেপ্তার করেছে। তাদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে।

ঘটনার দুই দিন পর ৪ অক্টোবর নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে নাম থাকা অন্য আসামিরা হলেন, ফজলু মিয়া, আবেদ রাজা, রনি, তানিম আহমদ, সুমন আলী, শহীদ আলী, কামরান, মাহবুব, জুবের আহমদ জুবেল, রাফি, সালমান, আহমাদুর রহমান সাদেক, মাসুম, মুহিন, রাজু মিয়া, মোজাহির আলী, আলী রুবেল, গুল্লি সুয়েব, সিরাজুল ইসলাম ও উজ্জ্বল মিয়া।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া জানান, গ্রেপ্তার দুই আসামিকে থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এএফ/০৩