বিখ্যাত সাপ্তাহিক ‘হক-কথা’র সম্পাদকের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১০, ২০২৬
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২৬
০৯:১৮ অপরাহ্ন



বিখ্যাত সাপ্তাহিক ‘হক-কথা’র সম্পাদকের প্রয়াণ


মওলানা ভাসানী প্রতিষ্ঠিত সাপ্তাহিক ‘হক-কথা’ সম্পাদক সৈয়দ ইরফানুল বারী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুর ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাকোত্তর সৈয়দ ইরফানুল বারী ১৯৬৭ সাল থেকে টাঙ্গাইলের সন্তোষ আশ্রমে বসবাস করে আসছিলেন। তিনি ১৯৬৯ সাল থেকে মওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারী মওলানা ভাসানী কর্তৃক সাপ্তাহিক হক-কথা পত্রিকা প্রকাশিত হয় সৈয়দ ইরফানুল বারীর নির্ভীক সম্পাদনায়। কমরেড সিরাজ শিকদার, প্রেমানন্দ, নূর হোসেনসহ কয়েক হাজার বামপন্থী রাজনৈতিক কর্মী তৎকালীন রক্ষীবাহিনীর হাতে নিহত হলে সাপ্তাহিক হককথা-এর তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রচার করতে থাকে। হক-কথা সরকারী ও রাষ্ট্রীয় লুটপাটের বিরুদ্ধে জনগনের বিদ্রোহী কন্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। পত্রিকাটি দ্রুত বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ১৯৭২ সালের ২০ জুন দুপুরে টাঙ্গাইল কল্লোল প্রেস থেকে পুলিশ সৈয়দ ইরফানুল বারীকে গ্রেপ্তার করে। ঐ বছর সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ সরকার হক-কথা পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অকুতোভয়, আপোষহীন, কারা নির্যাতিত, নিবেদিত প্রাণ সাংবাদিক সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট এর সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এ কে এম আহাদুস সামাদ ও মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস এবং সাধারণ সম্পাদক আমীন তাহমীদ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।


এএফ/০৬