সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২৬
০৬:৩৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২৬
০৬:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। বগিগুলো লাউয়াছড়া বনের ভেতরে রেখে ইঞ্জিনসহ ট্রেনের অপর ছয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায়।
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে থাকা ছয়টি বগির পরের সংযোগের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি দুই ভাগ হয়ে যায়। একাংশের ছয়টি বগি লাউয়াছড়া এলাকায় রেখে ইঞ্জিনসহ অপর ছয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যান চালক।
পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি শ্রীমঙ্গলে নিয়ে আসতে বিকল্প ইঞ্জিন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত বগিগুলো ঘটনাস্থলেই ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, হুক ছিঁড়ে লাউয়াছড়ায় পড়ে থাকা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এএফ/০১