সিলেটের ছয় আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২৬
০৩:২৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০৩:২৮ অপরাহ্ন



সিলেটের ছয় আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে এসব আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করার পথ খুলে গেল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে প্রচারণা চালাতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ধানের শীষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন কাস্তে, বাসদের প্রণব জ্যোতি পাল মই, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া আপেল, গণ অধিকার পরিষদের আকমল হোসেন ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান হাতপাখা এবং বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস পেয়েছেন কাঁচি প্রতীক।

সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদী লুনা ধানের শীষ প্রতীক পেয়েছেন। গণফোরামের মুজিবুল হক পেয়েছেন উদীয়মান সূর্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন হাতপাখা, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী দেওয়াল ঘড়ি এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল মালিক পেয়েছেন ধানের শীষ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ফুটবল, খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর কম্পিউটার প্রতীক পেয়েছেন।

সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ধানের শীষ। জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মুজিবুর রহমান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ হাতপাখা এবং গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন।

সিলেট-৫ আসনে বিএনপি জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন খেজুর গাছ প্রতীক। বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ফুটবল। খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান পেয়েছেন দেওয়াল ঘড়ি এবং বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন পেয়েছেন হারিকেন প্রতীক।

সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ধানের শীষ। গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান ট্রাক, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর লাঙ্গল এবং জামায়াতে ইসলামীর সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সিলেটের ছয়টি আসনেই নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো বলে মনে করছেন স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টরা।

আরসি-০৭