নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬
১১:৫৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৬
১২:০২ পূর্বাহ্ন
প্রায় দুই দশক পর সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পথে রাস্তার দুই পাশে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি । এতে করে আধা ঘন্টার পর পাড়ি দিতে হয় দেড় ঘন্টায়।
আজ বুধবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে রাত ৯টা ৪০ মিনিটের দিকে হযরত শাহপরানের (রহ.) মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয় গাড়ি বহন। রাত ১১টা ১০ মিনিটে তারা শাহপরান (রহ.) মাজার ফটকে পৌঁছান। পরে তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।
পূর্বের সংবাদ- হযরত শাহজালাল (রহ.) মাজারে তারেক রহমানকে বহনকারী বাস |
মাজার জিয়ারত শেষে তারেক রহমান এখন রওয়ানা হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুর বাড়িতে। তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা এবং স্থানীয় বিএনপির নেতারা রয়েছেন।
হযরত শাহপরান (রহ.) এর মাজার প্রাঙ্গণে তারেক রহমানকে স্বাগত জানাতে মানুষের ভিড়। |
তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন। পরে বেলা ১১টার দিকে সমাবেশস্থল সিলেট আলীয়া মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। সেখানে ভাষণ দেবেন তিনি। সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন। বেলা একটা থেকে দুইটার মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক নাসির রহমান বলেন, ‘একটা থেকে দুইটার মধ্যে দলের চেয়ারম্যান এসে পৌঁছাবেন বলে আশা করছি। সমাবেশে লাখের অধিক মানুষের সমাবেশ ঘটবে।’
মৌলভীবাজারের সমাবেশ শেষ করে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন মাঠে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও সমাবেশে বক্তব্য দেবেন।
এএফ/০৪