নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬
০৮:০২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৬
০৮:০২ অপরাহ্ন
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ওই জনসভায় বক্তব্যের এক পর্যায়ে সুনামগঞ্জের যুবদল নেতা এ টি এম হেলালকে মঞ্চে ডেকে নেওয়ার ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, সাম্প্রতিক সময়ে কারা ওমরাহ বা হজ পালন করে এসেছেন। এ সময় মাঠে থাকা অনেকেই হাত তোলেন। তাদের মধ্য থেকে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতা এ টি এম হেলালকে মঞ্চে ডেকে নেন বিএনপি চেয়ারম্যান।
মঞ্চে এনে মাইক্রোফনের সামনে দাঁড় করিয়ে হেলালকে একাধিক প্রশ্ন করেন তারেক রহমান। তিনি জানতে চান, পবিত্র কাবা শরিফের মালিক কে, এই দুনিয়ার মালিক কে এবং বেহেশত ও দোজখের মালিক কে। প্রতিটি প্রশ্নের জবাবে হেলাল উত্তর দেন, ‘আল্লাহ’।
এরপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ একটি দল মানুষের কাছে এমন কিছুর ‘টিকিট’ দেওয়ার কথা বলছে, যার মালিক মানুষ নয়। তিনি বলেন, এ ধরনের কথা বলা শিরকের শামিল এবং নির্বাচনের আগেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এখনই যদি মানুষকে ঠকানো শুরু হয়, তাহলে নির্বাচনের পর কী হবে, সেটি জনগণকে বুঝে নিতে হবে।
এই বক্তব্যের পর তারেক রহমান হেলালকে ধন্যবাদ জানান। এরপর তিনি মঞ্চ থেকে নেমে নিজের স্থানে ফিরে যান।
বিএনপির এই জনসভা দিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচারে তারেক রহমান বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।
আরসি-০৭