সিলেটে একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২৬
০৩:১৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২৬
০৩:৩২ অপরাহ্ন



সিলেটে একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে একটি রাজনৈতিক দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা এ অভিযোগ তোলেন।

সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, নির্বাচনের ফল প্রভাবিত করতে একটি বিশেষ দল নগর ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, 'সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং কিছু জনসভায় ধর্মকে ব্যবহার করে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।'

তিনি আরও বলেন, 'নগর ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতির তথ্য বিএনপির কাছে রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।'

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, 'প্রতিপক্ষ প্রার্থীরা অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং কিছু ভোটারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্পবিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরসি-০১