জিয়াউল হক জিয়া, কুলাউড়া
ফেব্রুয়ারি ০৭, ২০২৬
০৪:১৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২৬
০৪:১৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেওয়ার ভোট। এই ভোট হবে ২৪-এর যোদ্ধাদের আকাঙ্খার ভোট।’ তিনি বলেন, ‘এই ভোটের সাথে গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যেদেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এই দেশে কোন দূর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।’
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল খেলার মাঠে ১১ দল আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়ার কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পুর্নাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপান্তিরিত করব। তাছাড়া প্রবাসে কোন রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।’
![]()
আমীরে জামায়াত বলেন, ‘আমরা এ দেশকে যুবকের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করেন ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেয়ার কোন সুযোগ ছিলো না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাঈদ থেকে ওসমান হাদি যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি।’
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মো. সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাড়িপাল্লর প্রার্থী প্রকৌশলী মো. সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। সুতরাং আপনারা এখানে দু’জন এমপি পাবেন।’
ইনসাফের বাংলাদেশ গড়তে চান জানিয়ে তিনি বলেন, ‘এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ-বনিতা সবাই আইনের চোখে সমান। কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।’
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য (বড়লেখা- জুড়ী) পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) প্রকৌশলী সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।
এএফ/০১