নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৬
১২:০৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
১২:০৯ অপরাহ্ন
সিলেট নগরের ইলাশকান্দি এলাকায় হুইলচেয়ারে ভর করে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৪ বছর বয়সী সৈয়দ নেসার আহমেদ। দীর্ঘদিন পর আবার ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত এই বিমান কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে নগরের ইলাশকান্দি এলাকার সৈয়দ নাসির উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। একসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট অফিসে কর্মরত ছিলেন নেসার আহমেদ। বর্তমানে অবসর জীবনে আছেন।
ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, পরিবেশ শান্ত ছিল এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কেন্দ্রে কোনো মারামারি বা হট্টগোল দেখেননি বলেও জানান তিনি।
সকালের দিকে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। ঢিমেতালে ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে দেখা যায়।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শিপন চৌধুরী বিডিনিউজকে বলেন, সকাল ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে ৪৫৯টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৯০৩ জন।
আরসি-০১