নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
০৯:৩২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৬
০৯:৩২ অপরাহ্ন
সিলেটের সীমান্ত দিয়ে অবৈধপথে আসা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষ্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার দিবাগত রাত ১০টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে অভিযান চালিয়ে এসব বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের ১৯বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে দিকে উপজেলার কালিগঞ্জের রায়গঞ্জ এলাকার আটগ্রামে বিজিবি ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। এসময় পেট্রোবাংলা পয়েন্টের রায়গ্রামে যাত্রী ছাউনির আশপাশে ব্যাপক তল্লাশী চালিয়ে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ডেটোনেটর উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। তিনি জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জিডিমূলে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’