মন্ত্রীসভায় ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৭, ২০২৬
০১:২৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৬
০১:৩৫ অপরাহ্ন



মন্ত্রীসভায় ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী


সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী মন্ত্রীসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় তাকে প্রবাসী কল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি করপোরেশনের একাধিকবারের নির্বাচিত সাবেক জনপ্রিয় মেয়র। ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেটে সর্বোচ্চ ব্যবধানে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক যাত্রা শুরু হয় ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। ২০০৩ সালে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে নগর নেতৃত্বে আসেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মো. শফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা খাতুন। ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট নগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী প্রচারণাকালে খনিজসম্পদ ও পর্যটন সম্ভাবনাময় সিলেট-৪ আসনে পাথর কোয়ারি চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়ার্ড কাউন্সিলর থেকে জাতীয় সংসদ সদস্য এবং এখন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া, এই ধারাবাহিক উত্থান সিলেটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।


এএফ/০১