সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হচ্ছেন খন্দকার মুক্তাদীর

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২৬
০২:৪৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৬
০২:৫৩ অপরাহ্ন



সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হচ্ছেন খন্দকার মুক্তাদীর


প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেওয়ার জন্য তিনি ফোন পেয়েছেন। বিকেলে নতুন মন্ত্রীসভায় তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। 

নিজের প্রতিক্রিয়ায় খন্দকার মুক্তাদীর বলেছেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’

খন্দকার আবদুল মুক্তাদীর ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেট নগরের তোপখানা এলাকায় জন্মগ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মুক্তাদির পেশায় ব্যবসায়ী। তাঁর সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

খন্দকার আবদুল মুক্তাদীরের বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

যোগাযোগ করা হলে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘দল যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।’

এদিকে মন্ত্রিসভায় খন্দকার আবদুল মুক্তাদীরের ঠাঁই পাওয়ার বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদীর। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও আনুগত্যের মূল্যায়ন তিনি পেয়েছেন। এ জন্য আমরা উচ্ছ্বসিত।’


এএফ/০৩