হাউজিং এস্টেটে অটোরিকশা আটকে নারীর ব্যাগ ছিনতাই

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৪, ২০২৬
০৭:১১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৬
০৭:১১ অপরাহ্ন



হাউজিং এস্টেটে অটোরিকশা আটকে নারীর ব্যাগ ছিনতাই

দিনে দুপুরে অটোরিকশা আটকে সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকা থেকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মোটরসাইকেল চালিয়ে দুজন যুবক দ্রুত এগিয়ে আসে। তাদের একজন অটোরিকশার ভেতরে বসা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ওই নারী বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত সটকে পড়েন। পাশে থাকা আরেক সহযোগীকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পরে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।

ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি। পুরো ঘটনাটি সড়কের পাশের একটি ভবন থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ঘটনাটি সর্ম্পকে আমরা অবগত রয়েছি। ভোক্তভোগী কোন লিখিত অভিযোগ না দিলেও আমরাই অভিযান পরিচালনা করছি। মোটরসাইকেলে নাম্বার প্লেট না থাকায় সম্ভাব্য সব এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করে অপরাধীদের বের করার চেষ্টা করা হচ্ছে।

আরসি-০২