নাগরিক সেবা জোরদারের আশ্বাস, মন্ত্রীদের সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৫:৩৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৫:৩৮ অপরাহ্ন



নাগরিক সেবা জোরদারের আশ্বাস, মন্ত্রীদের সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, নাগরিক সেবা জোরদার এবং সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে কার্যকর করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নগরের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে নগর ভবনে পৌঁছালে সিসিকের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের আগে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিটি করপোরেশন কার্যালয়ে আসেন।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক বলেন, সিলেট নগরের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সহযোগিতা প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশা নিধন এবং নগরের শৃঙ্খলা রক্ষার বিষয়গুলোতে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে। পাশাপাশি নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ছাড়াও সিসিকের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে। একই সঙ্গে নগরবাসী যাতে দ্রুত ও কার্যকরভাবে নাগরিক সেবা পেতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

আরসি-০৪