গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন পাঁচ ঘরবাড়ি, আশ্রয়হীন কয়েকটি পরিবার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৫:৪১ অপরাহ্ন



গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন পাঁচ ঘরবাড়ি, আশ্রয়হীন কয়েকটি পরিবার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনে পাঁচটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অন্তত পাঁচটি পরিবার সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে।

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত প্রায় দুইটার দিকে হঠাৎ নদীর স্রোত বেড়ে যায় এবং মুহূর্তেই তীব্র ভাঙন শুরু হয়। ধীরে ধীরে আবুল হোসেন, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনের বসতঘর নদীতে তলিয়ে যায়।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অন্তত ৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সময় কিছু প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন বলেন, 'গভীর রাতে হঠাৎ করে ভাঙন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি নদীতে পড়ে যায়। আমাদের সবকিছুই পানিতে চলে গেছে।'

স্থানীয়রা জানান, ভাঙনের খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পরিস্থিতি দেখতে ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার সরেজমিন পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরসি-০৫