সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৪, ২০২৬
০৮:৫৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২৬
০৮:৫৫ অপরাহ্ন
সিলেটে দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে এসে রিকশায় চড়ে শহরের ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেটে পৌঁছানোর পরপরই তাঁরা রিকশা নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্বীন ব্রিজ ও চাঁদনি ঘাট এলাকাসহ শহরের কয়েকটি পরিচিত স্থানে যান।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতা সিলেটে একটি দলীয় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে বুধবার শহরে আসেন। সফরের অংশ হিসেবে তাঁরা নগরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানও পরিদর্শন করেন।
রিকশায় ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সারজিস আলম। ছবিতে দেখা যায়, তাঁরা সিলেট নগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মতো রিকশায় চলাচল করছেন।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করবেন।
এএফ/০৪