দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে : তাহসিনা রুশদীর

বিশ্বনাথ প্রতিনিধি


মার্চ ০৫, ২০২৬
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৬
০৮:২৭ অপরাহ্ন



দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে : তাহসিনা রুশদীর


সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প পরিসরে হলেও নিজের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই ‘ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌঁড়গড়ায় পৌঁছে যাবে।’

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদেরকে আইন মেনে চলতে হবে। আমাদেরকে সব সময় ন্যায় সঙ্গত কাজ করতে হবে। অন্যায়ভাবে সরকারি বেসরকারি জায়গা দোকান দখল কিংবা চাঁদাবাজি করা যাবে না। মাদকের সাথে জড়িতদেরকে আইনের হাতে তুলে দিতে সবাইকে শতভাগ স্বজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব। তবে এজন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে। আপনাদের প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর প্রতি থাকা সিলেট-২ আসনবাসীর ভালবাসা ও কৃতজ্ঞতা এবং তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।’

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলামের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সদস্য আবরার ইলিয়াস অর্ণব। 

বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও দোয়া পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন। এসময় ‘ইফতার ও দোয়া মাহফিলে’ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এমএএস-০১/ এএফ-০৪