নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬
০৪:০২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২৬
০৪:০৩ পূর্বাহ্ন
আখালিয়ায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টায় বিজিবি। ছবি- রেজা রুবেলের সৌজন্যে
সিলেট নগরের আখালিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে অগ্নিকান্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে সিলেট ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীতে থাকা দোকানগুলোতে হঠাৎ করে আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকান্ডের ঘটনাটি নজরে আসার পরই বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় অগ্নিনির্বাপনের চেষ্টা চালান। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজিবির ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফারমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, অগ্নিকান্ডে ৮-১০টি দোকান পুড়েছে। এর মধ্যে মুদি, ইলেক্ট্রনিক্স, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ রয়েছে।
এএফ/০১