নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬
০৬:৩৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২৬
০৬:৪১ অপরাহ্ন
সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওরে বিলের পাশে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওর এলাকায় বিলের পাশে ধানক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সুরতহাল প্রস্তুত শেষে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের অনেকে মরদেহটি শাহাদাতের বলে নিশ্চিত করেন।
মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।
তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ছিল। মাথার সামনে পড়ে ছিল একটি বাঁশের লাঠি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি জানান, এটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এএফ/০১