নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬
০২:৪০ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২৬
০২:৪৭ অপরাহ্ন
উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সিলেট অভিমুখী ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জে এলে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লেগে বিকল হওয়া ইঞ্জিন উদ্ধার করে শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়ার পর সকাল ৯টা ২৭ মিনিটে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালনী একপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহযোগিতায় ট্রেনটি শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন শমসেরনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমসেরনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা পূর্ব কালিপুর গ্রাম অতিক্রমকালে এ ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ জানান, মঙ্গলবার ভোর ৬ টা ২ মিনিটে ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যাবার ৮/৯ মিনিটের মাথায় চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ঘটনা ঘটার আগেই আগুন নিযন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
এএফ/০২