নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২৬
০৭:২৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২৬
০৭:২৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে।
নিহত সালেহ কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ তাঁর আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাঁদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মোঃ সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মোঃ মাসুম আহম্মদ (২০) মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানিয়েছে, ওই তিনজনই এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার (চোরাচালান) কাজের সঙ্গে জড়িত ছিলেন।
এএফ/০১