শ্রুতি সম্মাননা পাচ্ছেন লোকসংগীত শিল্পী শ্যামল পাল

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১১, ২০২৬
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২৬
১০:৪৮ অপরাহ্ন



শ্রুতি সম্মাননা পাচ্ছেন লোকসংগীত শিল্পী শ্যামল পাল


সংস্কৃতি সংগঠন শ্রুতি প্রতি বছর পহেলা বৈশাখে গুণীজনকে সম্মাননা দিয়ে আসছে। বছর সেই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের লোকসংগীত শিল্পী শ্যামল কুমার পাল। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

শ্রুতি সিলেটের অন্যতম সংগঠক সুকান্ত গুপ্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লোকসংগীত শিল্পী শ্যামল কুমার পাল  ফরিদপুর জেলার মধুখালীর বাগবাড়ী গ্রামের পিতা যতীন্দ্র নাথ পাল, মাতা সুধা রাণী পালের ঘরে জন্মগ্রহন করেন। শিশুকাল থেকেই সংগীত শিক্ষা শুরু পারিবারিক পরিমন্ডলে। গানের হাতেখড়ি হয় জ্যাঠা মহাশয় তারাপদ পালের নিকট। এরপর লঘু সংগীতের তালিম নেন দুলাল পোদ্দারের কাছ থেকে। ফরিদপুরের আরেক গুণী সংগীতশিল্পী  মিহির কুমার গাঙ্গুলীর কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। লোকসংগীতের তালিম নেন গুণী সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায় এবং হাফিজুর রহমান, ইন্দ্রমোহন রাজবংশীর কাছ থেকে।

শ্যামল পাল লোকসংগীত কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। গিয়েছেন ওপার বাংলার কোচবিহার, আসানসোল,পুরুলিয়া,বর্ধমান, নদীয়াসহ বিভিন্ন জায়গায়। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত লোকসংগীত শিল্পী তিনি। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে চলছেন লোক সংগীত। তাঁর রক্তের সাথে মিশে আছে লোকসংগীত। তার দরাজ কন্ঠের উদাত্ত আহ্বানে যে কেউ মুগ্ধ হয়। ২০২০ সালে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন গুণীজন সম্মাননা।

সাহিত্য,সংস্কৃতি, শিক্ষা,চারুকলা সহ সৃজনশীল বিভিন্ন  মাধ্যমে  বিগত  দুইদশক ধরে শ্রুতি সম্মাননা প্রদান করা হচ্ছে প্রতি বছর। সাধারণত বাংলা নববর্ষের দিন এই সম্মাননা প্রদান করা হয় কিংবা সম্মাননা প্রাপ্ত গুণীজনের নাম প্রকাশ করা হয়।

প্রতি বছর গুণীজনদের সম্মান জানিয়ে শ্রুতি সিলেট গৌরবান্বিত এবং আপ্লুত। এর আগে শ্রুতি সম্মাননা পেয়েছেন ১৪১২-- গণসংগীত এ ভবতোষ চৌধুরী, ১৪১৩-- কবিতা'য়  কবি তুষার কর, ১৪১৪-- উস্তাদ করিম শাহাব উদ্দিন নজরুল সংগীতে, ১৪১৫-- লোকসংগীতে গানেরপাখি চন্দ্রাবতী রায় বর্মণ, ১৪১৬-- চারুকলায় অরবিন্দ দাশগুপ্ত, ১৪১৭--শিক্ষা ও সাহিত্যে ড.সুরেষ রঞ্জন বসাক, ১৪১৮--রবীন্দ্র সংগীতে প্রমোদ দত্ত, ১৪১৯-- নাট্যকলায় জয়ন্ত চট্টোপাধ্যায়, ১৪২০-- রবীন্দ্রসংগীতে ড. মকবুল হোসেন, ১৪২১-- সংস্কৃতি  সংগঠক ব্যারিস্টার মো: আরশ আলী, ১৪২২-- সাহিত্যে শাহীন আখতার, ১৪২৩--- আবৃত্তি'তে রূপা চক্রবর্তী, ১৪২৪ --রবীন্দ্রসংগীতে নীলোৎপল সাধ্য, ১৪২৫-- নজরুল সংগীতে সুজিত মুস্তাফা, ১৪২৬-- নজরুল সংগীতে সালাউদ্দিন আহমেদ, ১৪২৭-- কবিতায় হেলাল হাফিজ, ১৪২৮ -- আবৃত্তিতে ডালিয়া আহমেদ, ১৪২৯  নজরুল সংগীতে শারমিন সাথী ইসলাম ময়না, ১৪৩০ লোক সংগীতে বাউল আব্দুর রহমান, ১৪৩১ রবীন্দ্র সংগীতে রাণা কুমার সিনহা। শ্রুতি সম্মাননা ১৪৩২ বাংলা এবার পাচ্ছেন লোকসংগীত শিল্পী শ্যামল পাল।

শ্রুতি বর্ষবরণ উৎসবে শ্রুতি সম্মাননা ১৪৩২ বাংলা তুলে দেয়া হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।



এএফ/০১