ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২৬
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৬
০৬:৫৭ অপরাহ্ন



ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদ মন্ত্রী


পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুন:খনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। একসময় গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে।

তিনি বলেন, নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিচার ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।



এএফ/০২